ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্ববাজারে দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না সিপিডির সংলাপে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে গত এক থেকে দেড় বছরে টন প্রতি ভোজ্যতেলের দাম ৬০০ থেকে ১৩০০ ডলার বেড়েছে। তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমাদের তেমন আর করার কিছু থাকে না। সরকার শুধু কমদামে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করতে পারে।


শনিবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর আরডিআরএস চত্বরে বেগম রোকেয়া মিলনায়তনে এক সংলাপে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সহযোগিতায় এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ–সিপিডি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির যুগ্ম পরিচালক (ডায়লগ ও আউটরিচ অভ্র্র ভট্টাচার্য।


বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের নব্বই শতাংশ আমদানি করা হয় বিদেশ থেকে। শুধু দশ শতাংশ আমাদের দেশে উৎপাদিত হয়। এই নব্বই শতাংশ দেশে আনেন ব্যবসায়ীরা। ব্রাজিল-মালয়েশিয়াসহ যেসব দেশ থেকে আমরা তেল আমদানি করি সেসব দেশে তেলের দাম বেড়েছে অনেক। সরকার এখানে কী করতে পারে। ব্যবসায়ীরা তো আর লোকসান দিয়ে তেল বিক্রি করতে পারবে না।


তিনি বলেন, আমরা যেটা পারি তা হলো টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করতে। আমরা তাই করছি। রোজার মাসকে সামনে রেখে আমরা এককোটি মানুষকে টিসিবি থেকে তেল, ডাল, আটা দেওয়ার চিন্তা করছি। প্রধানমন্ত্রী বিষয়টিতে আন্তরিক।


নির্বাচনি ইশতেহার নিয়ে তিনি বলেন, ইশতেহার একটি দলিল। এই দলিল অনুযায়ী সরকার কাজ করেছে এবং আমাদের কাজ করার সদিচ্ছা আছে। সামনে আরো কাজ করব। তবে যত দ্রুত কাজগুলো করা দরকার ছিল হয়তো ততটা দ্রুত করতে পারিনি। আমরা বিশ্ব বাজারে তেলের দাম কমার অপেক্ষায় আছি।

ads
ads
ads

Our Facebook Page

↑